তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে হাসপাতালের অভ্যন্তরে ব্যবসা পরিচালনা ও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্রভাবিত করার অভিযোগ দেওয়ায় ফার্মেসি ব্যবসায়ী মো. খাইরুল ইসলাম আকাশকে (২৯) মারধরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও আনোয়ারা মেডিকেলের মালিক মো. আল মামুনের বিরুদ্ধে। গত ৩০ আগস্ট ২০২৬ বেলা ১১টার দিকে উপজেলা শহরের বেটার লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন খাইরুল। তাঁর দাবি, আল মামুন, তাঁর ভাই মাহফুজসহ ৮–১০ জন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করেন। এ সময় তাঁর মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে নেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। সম্প্রতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে হাসপাতালের অভ্যন্তরে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা ও রোগীদের নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কেনাকে প্রভাবিত করার অভিযোগ দেন খাইরুলসহ কয়েকজন ব্যবসায়ী। অভিযোগ প্রত্যাহারের জন্য তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি তাঁর। অভিযোগ অস্বীকার না করে আল মামুন বলেন, “ছোট ভাইদের সাথে একটু হয়েছে, তা মিলে যাব।” জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি বলেন, দলীয় পরিচয় কাউকে মারধর বা অনিয়মের সুযোগ দেয় না।
তালতলী থানার ওসি সাইদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা যাচাই শেষে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News