আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের মেয়ের জামাতা মো. সবুজ মৃধা (৩২) পালিয়ে গেছেন। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১২টা ২৫ মিনিটে উপজেলার কুকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চুনাখালী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোসা. কহিনুর (৪০) ও তার স্বামী মো. সেলিম প্যাদা (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ জানায়, কহিনুরের পরিহিত কাপড়ের ভেতর থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির রান্নাঘরে লুকানো অবস্থায় আরও ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহন ও প্যাকেটজাতকরণে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা। পুলিশের প্রাথমিক তথ্যমতে, পলাতক জামাতা সবুজ মৃধা বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে শ্বশুর-শাশুড়ির বাড়িতে মজুত রাখতেন এবং বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।
বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমতলী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News