সরকারি কাজে বাধা, কোটি টাকা মূল্যের চিকিৎসা সরঞ্জাম ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ
সাইফ সোহেল, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রেডিওলজি বিভাগে ঢুকে সরকারি কাজে বাধা, মেডিকেল টেকনোলজিস্টকে মারধর এবং মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকা মূল্যের দুটি ডিজিটাল এক্স-রে মেশিন ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পর বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৬ তারিখ দুপুরে হাসপাতালের রেডিওলজি বিভাগে এক রোগীর এক্স-রে করানোকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশে কাজে বিঘ্ন ঘটায় তাদের বাইরে যেতে বললে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে অভিযোগে নাম উল্লেখ করা ১ নম্বর আসামি মো. মাইনুল ইসলাম লিটন ও ২ নম্বর আসামি সানির নেতৃত্বে ৮-১০ জনের একটি দল মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি) মো. আবুল হোসেন ও সাক্ষী মো. জাহিদুলের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের কিল-ঘুষি মেরে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা রেডিওলজি বিভাগের দুটি ডিজিটাল এক্স-রে মেশিন, কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এতে কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশের আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি সরকারি কাজে বাধা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে। ভুক্তভোগী মেডিকেল টেকনোলজিস্ট মো. আবুল হোসেন জানান, দুপুরে রুনা নামের এক রোগী এক্স-রে করাতে হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে ২০ থেকে ২৫ জন লোক ছিলেন। এতসংখ্যক লোক এক্স-রে কক্ষে প্রবেশ করায় স্বাভাবিকভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি অতিরিক্ত লোকজনকে কক্ষের বাইরে যেতে বলেন। এ সময় তাঁকে হুমকি দেওয়া হয়। আবুল হোসেনের ভাষ্য, রোগীর একটি এক্স-রে করার কথা থাকলেও স্বজনেরা জোর করে দুটি এক্স-রে করানোর দাবি করেন। পরে এক্স-রে কার্যক্রম শেষ করে তাঁরা চলে যান। কিছুক্ষণ পর আবার ফিরে এসে তাঁর ওপর হামলা চালান এবং রেডিওলজি বিভাগের কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। তিনি আরও অভিযোগ করেন, সরকারি নির্ধারিত ফি জমা না দিয়ে এবং অনুমতি ছাড়াই অতিরিক্ত লোকজন কক্ষে প্রবেশ করে কাজে বাধা সৃষ্টি করেন। এর প্রতিবাদ করায় তাঁর ওপর হামলা চালানো হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের প্রধান আসামি মো. মাইনুল ইসলাম লিটন। তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে আনা মারধর ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হাসপাতালে সেবার মান নিয়ে কথা বলতে গেলে উল্টো তাঁদের হেনস্তা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রেডিওলজি বিভাগে থাকা এক্স-রে মেশিনগুলোর মূল্য প্রায় কোটি টাকা। হামলার ঘটনায় মেশিনগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিরাপত্তা এবং মূল্যবান চিকিৎসা সরঞ্জামের সুরক্ষা নিয়ে এ ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দৈনিক শেষকথা Seshkatha News