বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কোটবাড়ীয়া দাখিল মাদ্রাসার আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক মো. খলিলুর রহমানের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এলএলবি কোর্সে ভর্তি, বার কাউন্সিলের সনদ অর্জন এবং চাকরিরত অবস্থায় আইন পেশায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও মাদ্রাসাসংশ্লিষ্টদের অভিযোগ, আইন পেশায় ব্যস্ত থাকায় তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন না। এতে দাখিল পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক।
খলিলুর রহমান দাবি করেন, তিনি প্রাইভেটে এলএলবি করেছেন, তাই অনুমতির প্রয়োজন হয়নি। পাশাপাশি মাদ্রাসার ক্লাস ফাঁকি না দিয়ে সমন্বয়ের মাধ্যমে দুটি পেশায় যুক্ত রয়েছেন বলেও জানান তিনি। এ বিষয়ে মাদ্রাসার সুপার জানান, শিক্ষক খলিলুর রহমান আইন পেশায় যুক্ত থাকার বিষয়টি তাঁরা জানেন। তবে ক্লাস ফাঁকির বিষয়ে লিখিত অভিযোগ পাননি। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, চাকরিরত অবস্থায় নিয়মিত কোর্সে ভর্তির আগে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নেওয়া প্রয়োজন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
দৈনিক শেষকথা Seshkatha News