পাথরঘাটা প্রতিনিধি: সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা বিভিন্ন ধরনের শাড়ি ও পাঞ্জাবিসহ তিনজনকে আটক করেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানা পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাণ্ডারিয়া-কাঁঠালিয়া সড়কের আমান উল্লাহ কলেজের সামনে অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ২৬ হাজার টাকা মূল্যের এসব পণ্য উদ্ধার করা হয়। আটক তিনজন হলেন মো. বাকি বিল্লাহ সিকদার (৫৫), মো. শামীম বেপারী (৪৫) ও মো. সিয়াম সরদার (১৯)। পুলিশ জানায়, আটক বাকি বিল্লাহ বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজার ও রায়হানপুর ব্রিজঘাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙারি ব্যবসা করে আসছেন। তবে পণ্যগুলো কাকচিড়া এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর কয়েকদিন আগে পাথরঘাটার বিষখালী নদী থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই পোশাকসহ পাঁচজনকে আটক ও একটি ফিশিং বোট জব্দ করেছিল কোস্ট গার্ড। ভাণ্ডারিয়ায় আটক পণ্য ওই চালানের অংশ কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ভাণ্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত ট্রাকটিও।
দৈনিক শেষকথা Seshkatha News