তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তালতলীর বড়বগী ইউনিয়নের রাকিব (১৯) ও নিশানবাড়িয়া ইউনিয়নের নবী হোসেন (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন।
উপজেলা প্রশাসন জানায়, গত শনিবার রাতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ১৩ জেলেকে নিয়ে ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। আবহাওয়া খারাপ ও সাগর উত্তাল হয়ে উঠলে সোমবার উপকূলে ফেরার পথে মঙ্গলবার সকালে প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি উল্টে ডুবে যায়। পরে একটি মাছ ধরার ট্রলার ১১ জেলেকে উদ্ধার করে। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার জানান, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা নেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির দুটি ট্রলারও উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলেদের অবস্থান শনাক্ত করা যায়নি।
দৈনিক শেষকথা Seshkatha News