বরগুনা প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতে বরগুনায় শিক্ষার্থীদের মাঝে আম্রপালি আমগাছের চারা বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচি। মঙ্গলবার (৩০ জুন) বরগুনা জিলা স্কুল ও এভারগ্রীন পাবলিক মডেল স্কুলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন করে মোট ২০০ শিক্ষার্থীর হাতে উন্নতমানের আম্রপালি আমগাছের চারা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জিল্লুর রহমান। এছাড়া উভয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাকখারুল ইসলাম বলেন, প্রতিটি আমগাছ এক একটি অক্সিজেনের উৎস। তাই শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও যত্ন নিশ্চিত করতে হবে। আজকের এই ক্ষুদ্র উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ, সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. তুহিন আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের পরিবেশ রক্ষার অগ্রদূত। একটি গাছ শুধু ফল দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের প্রতিটি চারা আন্তরিকতার সঙ্গে রোপণ ও পরিচর্যার আহ্বান জানান। প্রধান অতিথি কৃষিবিদ জিল্লুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি গাছ লাগানোর পাশাপাশি তার সঠিক পরিচর্যাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আম্রপালি আমগাছ রোপণের উপযুক্ত পদ্ধতি, নিয়মিত পরিচর্যা, সেচ, সার প্রয়োগ এবং রোগবালাই প্রতিরোধ সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সঠিকভাবে পরিচর্যা করা হলে গাছ দ্রুত বেড়ে উঠবে এবং ভবিষ্যতে ভালো ফলন দেবে।
অনুষ্ঠানে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার মো. মোফাকখারুল ইসলাম, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের রিজিওনাল ম্যানেজার অমর কুমার ঘোষ, উপজেলা ম্যানেজার প্রণয় কান্তি দাস, শিক্ষাতরী প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রায়সহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে আম্রপালি আমগাছের চারা বিতরণ করা হয় এবং চারাগুলো রোপণ ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News