বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক রূপ কুমার পাল এবং এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইত্তিজা হাসান মনির।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এশিয়ান নারী উন্নয়ন সোসাইটি বরগুনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের সংগঠনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতেও সংগঠনটি নারীর উন্নয়নে তাদের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান নারী উন্নয়ন সোসাইটির সভাপতি মরিয়ম বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জেসমিন আক্তার। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News