বিশেষ প্রতিনিধি : বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের দুটি আধুনিক অ্যাম্বুলেন্স দীর্ঘ ছয় মাস ধরে অচল পড়ে রয়েছে। এর মধ্যে একটি আইসিইউ অ্যাম্বুলেন্সও রয়েছে। চালক সংকট ও সংশ্লিষ্টদের অবহেলায় সরকারি কোটি টাকার সম্পদ পড়ে থাকায় জরুরি রোগী পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করতে গিয়ে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে রোগীদের। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সের মূল চালককে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। অন্যদিকে ওই কার্যালয়ের চালককে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এই হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা ব্যাহত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চালকদের এমন রদবদলের কারণে হাসপাতালের জরুরি ও আইসিইউ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। মো. ইসমাইল হোসেন নামক এক ব্যক্তি বলেন, সরকারি সম্পদ এভাবে অচল ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত অ্যাম্বুলেন্সগুলো সচল করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ অবস্থায় জনদুর্ভোগ নিরসনে অচল অ্যাম্বুলেন্স দুটি দ্রুত সচল করা এবং চালক সংকট সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।
বরগুনায় ৬ মাস ধরে অচল দুটি অ্যাম্বুলেন্স, চরম দুর্ভোগে রোগীরা
- প্রকাশের সময় : Nov 6, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ছয় মাস ধরে অচল দুটি অ্যাম্বুলেন্স, দুর্ভোগে রোগীরা!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News