আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় দুই কর্মীর এমন স্লোগানকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সভায় বক্তব্য দেওয়ার একপর্যায়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা বিএনপি ও তারেক রহমানের জয়ধ্বনি দিয়ে বক্তব্য শেষ করেন। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী সভাস্থল ত্যাগ করেন। এদিকে, স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ বিষয়ে মনোনয়নপ্রত্যাশী জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, গ্রামের মানুষ না বুঝে হঠাৎ ‘জয় বাংলা’ বলে ফেলেছে। তারা আসলে কোনো দল করে না। আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনো অবগত নন। খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান!
- প্রকাশের সময় : Nov 6, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News