পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে জালে পেঁচানো ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মী টাইগার জাকির অজগরটি উদ্ধার করেন। স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিমের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জালে আটকে থাকা অজগরটি উদ্ধার করেন তিনি। পরে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হলে তাৎক্ষণিকভাবে অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন জানান, টাইগার জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছেন। এ পর্যন্ত তিনি প্রায় ২ হাজার অজগর উদ্ধার করেছেন বলে জানান টাইগার জাকির।
দৈনিক শেষকথা Seshkatha News