পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় প্রবাসীর জমিতে রোপণ করা মেহগনি গাছ জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই জাকির জোমাদ্দারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী শাহিনের মা নাসিমা বেগম পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রায়হানপুর গ্রামে জমিতে থাকা একটি বড় মেহগনি গাছ কেটে নিয়ে যান জাকির। গাছটির আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে দাবি করেন নাসিমা বেগম।
তিনি অভিযোগ করেন, গাছ কাটতে বাধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তাঁর একমাত্র ছেলে অস্ট্রেলিয়ায় থাকায় তিনি বাড়িতে একা বসবাস করেন। এ সুযোগে তাঁকে বিভিন্ন সময় হয়রানি ও জোরজবরদস্তি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে, জাকির জোমাদ্দার বলেন, তাঁর বাথরুমের পাশে গাছটি থাকায় তিনি সেটি কেটে ফেলেছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গাছটি প্রবাসী শাহিনের বাবার লাগানো এবং জায়গাটি তাঁদের ভোগদখলে রয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু সমাধানের দাবি জানান। এদিকে, অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন পাথরঘাটা থানার এএসআই আবুল বাসার। তিনি জানান, প্রাথমিকভাবে গাছ কেটে নেওয়ার ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News