বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামি আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার সভাপতি মাহমুদুল হোসাইন অলিউল্লাহর শাশুড়ি শাহানাজ বেগম (৬০) মারা গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) রাতে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টার দিকে সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলিউল্লাহ নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক চিকিৎসায় শাহানাজ বেগম কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন। পরে আবার অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা বরগুনায় ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হন এবং ৬৮ জনের মৃত্যু হয়। চলতি বছর এখন পর্যন্ত জেলায় ৯৬৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৯০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ডেঙ্গুর মৌসুমে নতুন করে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।
দৈনিক শেষকথা Seshkatha News