পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা প্রথম শ্রেণির পৌরসভা হলেও প্রতিষ্ঠার প্রায় ৩৬ বছরেও নিজস্ব পৌরভবন পায়নি। বর্তমানে ১৯৭৯ সালের দিকে পাথরঘাটা পাবলিক লাইব্রেরির জন্য নির্মিত ভবনে চলছে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম। ১৯৯১ সাল থেকে ভবনটি পৌরসভার কাজে ব্যবহৃত হওয়ায় একই সময় থেকে বন্ধ রয়েছে লাইব্রেরির স্বাভাবিক কার্যক্রম। প্রায় ১৩ বর্গকিলোমিটার আয়তনের পাথরঘাটা পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রায় ৩৫ হাজার মানুষের বসবাস। ২০২৩ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হলেও কার্যালয়ে জায়গার সংকট রয়ে গেছে। প্রকৌশল ও পানি সরবরাহ শাখার কার্যক্রমও আলাদা ভবনে পরিচালিত হচ্ছে। এতে নাগরিকদের বিভিন্ন সেবা নিতে একাধিক স্থানে যেতে হচ্ছে। পর্যাপ্ত বসার জায়গা না থাকায় সেবা নিতে আসা মানুষকে ভোগান্তিতেও পড়তে হচ্ছে। অন্যদিকে পৌরসভার কার্যালয় হিসেবে ভবনটি ব্যবহৃত হওয়ায় দীর্ঘদিন ধরে পাঠাগার বন্ধ। এতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকরা একটি উন্মুক্ত পাঠাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
পৌর প্রশাসক তাপস পাল জানিয়েছেন, নিজস্ব পৌরভবন নির্মাণের জন্য জমি খোঁজা হচ্ছে। উপযুক্ত জমি পাওয়া গেলে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত নিজস্ব পৌরভবন নির্মাণ করে বর্তমান ভবনটি পাবলিক লাইব্রেরির জন্য ফিরিয়ে দেওয়া হলে একই সঙ্গে নাগরিকসেবা ও জ্ঞানচর্চার পরিবেশ উন্নত হবে।
দৈনিক শেষকথা Seshkatha News