বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পল্লী বিদ্যুৎ সমিতির সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত মিটার রিডিং সংগ্রহ না করে কোনো কোনো ক্ষেত্রে অনুমাননির্ভর বিল তৈরি করায় স্বাভাবিক ব্যবহারের তুলনায় দ্বিগুণ-তিনগুণ পর্যন্ত বিল আসছে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় লোডশেডিং থাকার পরও অনেকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে সাধারণ গ্রাহকদের অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। বেতাগী সদর ইউনিয়নের এক গ্রাহক জানান, আগের মাসের তুলনায় তার বিদ্যুৎ বিল প্রায় তিন গুণ বেড়েছে, যা প্রকৃত ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বেতাগী সাব-জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিটার রিডিংয়ে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। এদিকে গ্রাহকরা প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিদ্যুৎ বিল প্রস্তুত, অতিরিক্ত বিল সংশোধন এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের জোরালো দাবি জানিয়েছেন -
দৈনিক শেষকথা Seshkatha News