বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের অংশগ্রহণে তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে এবং জেলা প্রশাসন, বরগুনার ব্যবস্থাপনায় গত ৯ থেকে ১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
গত বুধবার (১১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘সুবর্ণজয়ন্তী’ সম্মেলন কক্ষে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উপপরিচালক মো. ওমর ফারুক পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) অনিমেষ বিশ্বাস।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ব্যাচ-১ ও ব্যাচ-২-এর প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম, আধুনিক অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা এবং হিসাব সংরক্ষণের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গতিশীলতা নিশ্চিত করতে দক্ষ জনবল ও আধুনিক ব্যবস্থাপনার বিকল্প নেই। সঠিকভাবে হিসাব সংরক্ষণ এবং নিয়মতান্ত্রিক অফিস পরিচালনার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব।
বক্তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে সাধারণ মানুষের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News