আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম এবং জেলেদের কাছ থেকে জনপ্রতি ৩০ টাকা আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের ১ হাজার ৮৫০ নিবন্ধিত জেলের জন্য ৪৬ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এর মধ্যে বিতরণের জন্য খাদ্যগুদাম থেকে চাল উত্তোলন করা হলেও কয়েকশ জেলে চাল না পেয়ে ফিরে গেছেন। এমনকি তালিকায় নাম না থাকার অজুহাতে নিবন্ধিত জেলেদেরও বঞ্চিত করার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী জেলেদের দাবি, উত্তোলন করা চালের একটি অংশ বিতরণ না করে আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি চাল পরিবহন বাবদ জনপ্রতি ৩০ টাকা আদায় করা হয়েছে। তারা বিতরণ তালিকার স্বাক্ষর ও টিপসই যাচাই করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম। তাঁর দাবি, কোনো টাকা নেওয়া হয়নি এবং সব জেলের মধ্যে সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ইদ্রিস আলী জানিয়েছেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানও লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
আমতলীতে জেলেদের ভিজিএফের চালে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ: টাকা আদায়ের দাবি
- প্রকাশের সময় : Nov 1, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগ!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News