পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় মাদক কেনাবেচার নগদ ১০ হাজার টাকাও জব্দ করা হয়।
গত শনিবার (২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আরাফাত রহমান অভি (২৮),তার পিতা আনসার আলীর বাড়ি থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই বাড়ি থেকে ৫১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ১০ হাজার টাকা জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলার সাবেক ছাত্রদলের সদস্য সচিব ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বরগুনার পুলিশ সুপার জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News