পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাবিল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাজারখাল এলাকায় তার নানাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিল স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার ছেলে। তার মা ফাহিমা রিমু পাথরঘাটা মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করার কারণে নাবিল নানির কাছেই থাকত। পরিবারের সদস্যরা জানান, ঘটনার মাত্র ২০ মিনিট আগেও নাবিল তার মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিল। এরপর কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনের পুকুরপাড়ে নাবিলের জুতা পানিতে ভাসতে দেখে তার চাচাতো মামা বেল্লাল পুকুরে ঝাঁপ দেন। পরে ঘাটের নিচ থেকে নাবিলকে উদ্ধার করে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শোকাহত মা ফাহিমা রিমু কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। এখন আমি কাকে নিয়ে বাঁচব? মাত্র ২০ মিনিট আগেই ও আমার সঙ্গে কথা বলেছে। এখন মনে হচ্ছে, ওর কথাগুলো যেন অন্যরকম ছিল।”
এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, নাবিলের বাবা ঢাকায় অবস্থান করছেন। তিনি রাত ৯টার দিকে বাড়িতে পৌঁছানোর পর জানাজা শেষে শিশুটিকে দাফন করা হবে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি সর্বক্ষণ নজরদারি এবং বাড়ির আশপাশের পুকুর ও জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News