বরগুনা জেলা প্রতিনিধি: হাম (Measles) রোগের প্রাদুর্ভাব মোকাবিলা ও সংক্রমণ প্রতিরোধে বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বরগুনা ইউনিট।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এসব সামগ্রী হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মোহাম্মাদ আবুল ফাত্তাহের কাছে হস্তান্তর করেন বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা। বিতরণ করা সামগ্রীর মধ্যে রয়েছে ৫২ রোল সিফা কটন, ১০৫ বক্স ফেস মাস্ক, ৭৬ বক্স এক্সামিনেশন গ্লাভস, ৮২ বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ৩৯ গ্যালন হ্যান্ডওয়াশ। রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় হাম মোকাবিলা এবং চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এসব সামগ্রী সরবরাহ করা হচ্ছে।
এ সময় বরগুনা জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা বলেন, দুর্যোগ ও জরুরি পরিস্থিতির পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে রয়েছে। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, রেড ক্রিসেন্ট বরগুনা ইউনিটের সেক্রেটারি এ.বি.এম গোলাম হায়দার নীলু, হাসপাতালের আরএমও ডা. মাহমুদ মুরশিদ আল মামুন, সদস্য এজেডএম সালেহ ফারুক, ইউনিট লেভেল অফিসার আবদুল করিমসহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News