আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলশাখালী ইউনিয়নের আঙ্গুল কাটা গ্রামে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বসতবাড়ির মাঝখানে অবৈধভাবে গরুর খামার স্থাপনের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সোহাগ মৃধার বিরুদ্ধে। খামার থেকে ছড়ানো দুর্গন্ধে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রভাব খাটিয়ে জনবসতির মধ্যে খামারটি গড়ে তোলা হয়েছে। খামারের মলমূত্র ও বর্জ্য পার্শ্ববর্তী খালে ফেলা হচ্ছে, যে পানি স্থানীয়রা গোসল, রান্নাবান্না ও নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার করেন। এতে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এলাকার বাসিন্দারা জানান, খামার সংলগ্ন চারটি মসজিদের মুসল্লিরা ওজু করতে গিয়ে তীব্র দুর্গন্ধে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ করে মো. খোকন মৃধা বাদী হয়ে জেলা প্রশাসক, বরগুনা পরিবেশ অধিদপ্তর, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত অবৈধ খামার অপসারণ এবং জনদুর্ভোগ নিরসনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
দৈনিক শেষকথা Seshkatha News