শিক্ষার পরিবেশ রক্ষা ও বহিরাগতদের অপতৎপরতা ঠেকাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান-
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে শিক্ষাপ্রতিষ্ঠানে নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধ এবং এলাকার সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন।সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সমর কুমার বেপারী, বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক জলিলুর রহমান খান নান্না, যুগ্ম সম্পাদক এস এম নুরুল ইসলাম পান্না এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এছাড়া বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পদ রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের অনুপ্রবেশ, গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। তারা আরও বলেন, কোথাও কোনো ধরনের অপতৎপরতা বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে দ্রুত প্রশাসনকে অবহিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং এলাকার সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং সার্বিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News