আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে এক ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি রাজস্বের প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্সের অর্থের হিসাব গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তদন্ত কমিটি গঠন করেছেন। অভিযুক্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বর্তমানে আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। এর আগে আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়নে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে এসব অনিয়মের অভিযোগ ওঠে। লিখিত অভিযোগ অনুযায়ী, আঠারোগাছিয়া ও গুলিশাখালী ইউনিয়নের স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, ভ্যাট-আয়কর ও হাটবাজার তহবিলের মোট ৪ লাখ ৯৯ হাজার ১৮৭ টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগ রয়েছে। এ ছাড়া আমতলী ইউনিয়নে দুই শতাধিক ব্যক্তিকে ট্রেড লাইসেন্স দেওয়া হলেও রেজিস্টারে মাত্র ৯০ জনের তথ্য লিপিবদ্ধ করা এবং আদায় করা অর্থ ব্যাংকে জমা না দেওয়ার অভিযোগ করা হয়েছে।
দুই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও আমতলী ইউনিয়ন পরিষদের প্রশাসক পৃথকভাবে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত জাকির হোসেন অভিযোগের সব তথ্য অস্বীকার করে বলেন, সরকারি কোষাগারে কিছু টাকা জমা দিয়েছেন। তবে অভিযোগগুলোর সত্যতা এখনো তদন্তাধীন।
দৈনিক শেষকথা Seshkatha News