বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় এক কিশোরকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন। শুক্রবার (৭ আগস্ট) বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক ও বেতাগীর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন মামলাটি আমলে নিয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জকে আগামী ১৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ভাইরাল হওয়া ভিডিওটি "Mq ReZa 2.0" নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত হয়। ভিডিওতে নির্যাতনের শিকার কিশোরের পরিচয় নিশ্চিত না হলেও, অভিযুক্ত হিসেবে বেতাগী উপজেলার বাসিন্দা খোকনের ছেলে রেজার পরিচয় উঠে এসেছে! এদিকে অভিযুক্ত রেজা তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দাবি করেছেন, নির্যাতনের শিকার ব্যক্তি ইভটিজিংয়ের সঙ্গে জড়িত ছিলেন এবং তার বোনকেও হয়রানি করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতেই তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ দাবির সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News