বরগুনা প্রতিনিধি: বরগুনায় কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের উপদ্রব নিয়ন্ত্রণে নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা সেশন, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টায় বরগুনা জেলা স্কুলের হলরুমে জেলা প্রশাসন ও জেলা প্রবেশন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিসের মাধ্যমে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এডিসি শিক্ষা অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা (পিপিএম-সেবা)। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম শাহজাদা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় বরগুনা জেলা স্কুলের প্রধান শিক্ষক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সচেতনতা সেশনে কিশোর অপরাধ, কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িয়ে পড়ার ঝুঁকি, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের মধ্যে অপরাধপ্রবণতা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, কিশোরদের মধ্যে নৈতিকতা, সচেতনতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News