আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে কর্পোরেট দাতা সংস্থা পিএম ইন্টারন্যাশনালের নিবন্ধিত ৭৪১ শিশুর মাঝে বার্ষিক উপহার হিসেবে বই-খাতা রাখার র্যাক ও চেয়ার বিতরণ করা হয়েছে।
গত বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় আমতলীর সোনালী কমিউনিটি সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমতলী এডিপি ও এনএসএসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস। সঞ্চালনা করেন এনএসএসের প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার। প্রধান অতিথি আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন শিশুদের মেধা ও মনন বিকাশে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিভাবকদের শিশুদের ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’ সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নাসহ সাংবাদিক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে ৭৪১ শিশুর হাতে র্যাক ও চেয়ার তুলে দেওয়া হয়।
দৈনিক শেষকথা Seshkatha News