বরগুনা প্রতিনিধি: বরগুনায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। শনিবার (৩ অক্টোবর) সকালে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধন করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায়। একটি ভালো বই মানুষকে আলোকিত করার পাশাপাশি সমাজকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বরগুনায় এমন বইমেলার আয়োজন পাঠক ও শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও আগ্রহী করবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের সাংবাদিক তরিকুল ইসলাম, তারিক বিন আনসারী সুমন এবং গণমাধ্যমকর্মী মো. আসাদুজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন প্রকাশনা ও নানা বিষয়ের বই পাওয়া যাচ্ছে। বই কেনায় দেওয়া হচ্ছে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে। মেলা চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ এনাম হোসেন মোড়ল। স্থানীয় পর্যায়ে মেলা আয়োজনের সার্বিক সহযোগিতা করছে বরগুনা জেলা প্রশাসন।
দৈনিক শেষকথা Seshkatha News