বরগুনা প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরগুনায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। গত রোববার (১ নভেম্বর ২০২৬) বরগুনা জেলাসহ ছয় উপজেলায় র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
বরগুনা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বরগুনা সদর উপজেলার ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন। তিনি বলেন, কম্পিউটার, মেকানিক্যাল ও ইলেকট্রনিকসসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন। এ সময় যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও দক্ষতা উন্নয়নে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সৃজনশীল কর্মকাণ্ড ও কারিগরি প্রশিক্ষণে সম্পৃক্ত করতে হবে। মাদকের পেছনে সময় ও জীবন নষ্ট না করে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে কর্মমুখী হওয়ার আহ্বান জানান তিনি। যুবকদের মাদকমুক্ত ও কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও সমাজকেও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন ইটবাড়িয়া যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. কামরুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সহসভাপতি আবদুস শাকুরসহ বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয়।
এদিকে, বামনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের বিকল্প নেই বলে উল্লেখ করেন। অন্যদিকে তালতলীর পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সুন্দরবন কোয়ালিশনের উদ্যোগে এবং কমিউনিটি বেজড ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিবিডিপি) বাস্তবায়নে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলা, আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বরগুনা সদর, আমতলী, তালতলী, বামনা, পাথরঘাটা ও বেতাগীতে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, যুব সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
দৈনিক শেষকথা Seshkatha News