পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কামারহাট বাজারসংলগ্ন এলাকা থেকে প্রায় ৬ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে বন বিভাগ। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে সাপটিকে হরিণঘাটা সংরক্ষিত বনাঞ্চলের গভীর বনে অবমুক্ত করা হয়।
এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে কামাল খানের বাড়ির আঙিনায় একটি জালে সাপটি আটকে যায়। খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল রাতে সাপটি উদ্ধার করে বিট কার্যালয়ে নিয়ে আসে। হরিণবাড়িয়া ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা নারায়ণ চন্দ্র দাস জানান, রাত হয়ে যাওয়ায় সাপটিকে সেদিন বনে অবমুক্ত করা সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে সেটিকে বনে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা তামিম হাসান সুজন সাপটি নিরাপদে উদ্ধারের জন্য বন বিভাগকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের সাপ দেখা গেলে না মেরে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
দৈনিক শেষকথা Seshkatha News