তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বসতঘরে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬)- বিকেলে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোনখোলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ছোনখোলা এলাকার এমদাদুল গং ও রহিম মৃধা গংয়ের মধ্যে ছয় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একাধিকবার শালিস-বৈঠক হলেও বিরোধের কোনো সমাধান হয়নি। ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার বিকেলে রহিম মৃধার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এমদাদুলের বাবা কালু হাওলাদারের বসতঘরে হামলা চালায়। পরে ঘরটিতে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে কালু হাওলাদারও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তবে অভিযোগ অস্বীকার করে রহিম মৃধা বলেন, জমি দখলের পাঁয়তারা করে তাদের ফাঁসাতে ভুক্তভোগীরাই নিজেদের ঘরে আগুন দিয়েছেন।
তালতলী থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News