ক্রীড়া প্রতিবেদক: মেহেন্দিগঞ্জের অদম্য কিশোরী শ্রাবন্তী কীর্তনীয়ার চোখ ধাঁধানো হ্যাটট্রিকে বরগুনা জেলাকে ৩-০ গোলে হারিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬’ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জেলা দল। এই জয়ের মূল নায়িকা মেহেন্দিগঞ্জের কিশোরী শ্রাবন্তী কীর্তনীয়া।
ফাইনালে প্রতিপক্ষের জালে একাই তিনবার বল পাঠান শ্রাবন্তী। শুধু ফাইনালেই নয়, সেমিফাইনালেও পটুয়াখালীর বিপক্ষে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন এই ফরোয়ার্ড।
খেলা শুরুর পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বরিশাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা শ্রাবন্তীর পায়ের জাদুতে কুপোকাত হয় বরগুনার রক্ষণভাগ। একের পর এক আক্রমণে বরগুনার গোলপোস্টে ত্রাস সৃষ্টি করেন মেহেন্দিগঞ্জ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়–এর অষ্টম শ্রেণির এই শিক্ষার্থী। তার গতি, ড্রিবলিং এবং নিখুঁত ফিনিশিংয়ের সামনে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ।
তবে মাঠের সাফল্যের পেছনের গল্পটা ছিল সংগ্রামের। বরিশালের মেহেন্দিগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন শ্রাবন্তী। বাবা বাদল চন্দ্র কীর্তনীয়া পেশায় একজন দর্জি এবং মা বিথী রানী দাস। অভাবের সংসারে কোনো পেশাদার বা একাডেমিক কোচিংয়ের সুযোগ না পেলেও নিজের প্রতিভা ও প্রবল ইচ্ছাশক্তিকে পুঁজি করেই এগিয়ে চলেছেন তিনি।
শ্রাবন্তীর অনুপ্রেরণা দেশীয় ফুটবলের গতি তারকা ঋতুপর্ণা চাকমা এবং বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। দারিদ্র্য আর প্রাতিষ্ঠানিক সুযোগের সীমাবদ্ধতা সত্ত্বেও তার চোখজুড়ে এখন বড় স্বপ্ন। কঠোর পরিশ্রমের মাধ্যমে একদিন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল–এর হয়ে মাঠ মাতাতে চান এই কিশোরী ফুটবলার।
দৈনিক শেষকথা Seshkatha News