বরগুনা প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে একযোগে "৫ (পাঁচ) বছরে ২৫ (পঁচিশ) কোটি বৃক্ষরোপণ" কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করার পরপরই বরগুনা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসন, বরগুনা এবং উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালীর যৌথ আয়োজনে জেলা পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা; জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা; মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, বরগুনা; ডা. আবুল ফাত্তাহ, সিভিল সার্জন, বরগুনা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল; পিপি নুরুল আমিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রথীন্দ্র নাথ বিশ্বাস; বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা। কর্মসূচিতে অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। সকলের সম্মিলিত অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এর মধ্যে সৌন্দর্যবর্ধনকারী ও ভেষজ গুণসম্পন্ন সোনালু, মূল্যবান কাঠ উৎপাদনকারী ও বেগুনি রঙের ফুলধারী জারুল, কমলা রঙের ফুলে শোভিত পলাশসহ নানা প্রজাতির বৃক্ষ অন্তর্ভুক্ত ছিল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের এই বৃহৎ কর্মসূচি দেশের বনাঞ্চল বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বরগুনা জেলায়ও পর্যায়ক্রমে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
দৈনিক শেষকথা Seshkatha News