বরগুনা জেলা প্রতিনিধি: ৫ সেপ্টেম্বর ২০২৬, রোজ শনিবার বরগুনায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি প্রদান ও সম্মাননা অনুষ্ঠান ‘স্কলারশিপ অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৬’। বেলা ১১টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমিতে বরগুনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরগুনা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা -
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহিন এবং বীর মুক্তিযোদ্ধা এ,জেড,এম সালেহ ফারুক।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন থেকে বৃত্তিপ্রাপ্ত ১৯১ জন শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। জেলার ছয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভার বিকাশে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানকে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বৃত্তি ও সম্মাননা প্রদানকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দৈনিক শেষকথা Seshkatha News