আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের মাঝের চর নদীবেষ্টিত এক মনোরম সবুজ ভূখণ্ড। চারদিকে জলরাশি আর মাঝখানে গাছপালায় ঘেরা বিস্তীর্ণ সবুজ প্রান্তর—নদীপথ থেকে দূর থেকে দেখলে চরটিকে অনেকটা পানির বুকের সবুজ দ্বীপের মতো মনে হয়। প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ হলেও মাঝের চরে এখনো পর্যটকদের জন্য কোনো পরিকল্পিত অবকাঠামো গড়ে ওঠেনি। নেই পর্যটনকেন্দ্রিক সাইনবোর্ড, বসার ব্যবস্থা, নিরাপদ নৌযাতায়াতসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা।
স্থানীয়দের মতে, পরিকল্পিতভাবে দেশীয় বৃক্ষের বনায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশবান্ধব পর্যটন অবকাঠামো গড়ে তোলা গেলে মাঝের চর নতুন একটি পর্যটন ও প্রাকৃতিক সংরক্ষণকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। তবে উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও স্থানীয় মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন হলে নদীর বুকের এই সবুজ ভূখণ্ড ভবিষ্যতে আমতলীর অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক স্থান হয়ে উঠতে পারে।
দৈনিক শেষকথা Seshkatha News