বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভাকে আধুনিক শহর হিসেবে দাবি করা হলেও বাস্তব চিত্র যেন ভিন্ন কথা বলছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই পৌর শহরের প্রধান সড়কগুলো কর্দমাক্ত জলাবদ্ধ এলাকায় পরিণত হচ্ছে। এতে জনমনে প্রশ্ন উঠেছে—এটি কি কর্তৃপক্ষের অবহেলা, নাকি অপরিকল্পিত উন্নয়নের খেসারত?
সামান্য বর্ষণেই শহরের মূল কেন্দ্রসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
স্থানীয়রা জানান, পৌরসভার অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় ভরাট হয়ে আছে। অনেক স্থানে ড্রেনের সঠিক সংযোগ বা আন্তঃনেটওয়ার্ক না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। ফলে নোংরা পানি জমে থেকে সৃষ্টি করছে স্বাস্থ্যঝুঁকি। পাশাপাশি পানির নিচে থাকা খানাখন্দে ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।
ব্যবসায়ী মো. রহিম মিয়া বলেন, “ড্রেনের কোনো চৌরাস্তা বা সঠিক সংযোগ নেই, ফলে পানি সরছে না। দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে, আমরা এখন চরম লোকসানের মুখে।”
শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “সঠিক ড্রেনেজ নেটওয়ার্ক না থাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। এই নোংরা পানি মাড়িয়ে কলেজে যাওয়া এখন দুঃসাধ্য হয়ে পড়েছে।”
ভুক্তভোগী নাগরিকদের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও জলাবদ্ধতা নিরসনে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, দায়সারা সংস্কার নয়, বরং একটি টেকসই মাস্টারপ্ল্যানের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক নেটওয়ার্ক নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রতি বর্ষায় বেতাগীবাসীকে একই দুর্ভোগ পোহাতে হবে।
দৈনিক শেষকথা Seshkatha News