নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ উপকূলের দুর্যোগপ্রবণ ও সম্ভাবনাময় জেলা বরগুনায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একটি উপকেন্দ্র স্থাপনের দাবি জোরালো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, উপকেন্দ্র স্থাপিত হলে দুর্যোগকালীন জরুরি তথ্য দ্রুত প্রচারের পাশাপাশি উপকূলের উন্নয়ন, মৎস্যসম্পদ, পর্যটন, কৃষি, জলবায়ু পরিবর্তন ও জনজীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব হবে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল বলেন, উপকূলের মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে এবং দুর্যোগকালীন তথ্যপ্রচার জোরদার করতে বরগুনায় বিটিভি উপকেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি।
বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ বলেন, উপকেন্দ্র স্থাপিত হলে সংবাদ সংগ্রহ ও সম্প্রচার আরও গতিশীল হবে এবং স্থানীয় সাংবাদিকদের কর্মসংস্থানের সুযোগও বাড়বে।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, বরগুনায় বিটিভির উপকেন্দ্র প্রতিষ্ঠিত হলে শুধু বরগুনাই নয়, বরিশাল বিভাগের উপকূলীয় জেলার সংবাদ ও উন্নয়ন কর্মকাণ্ড জাতীয় সম্প্রচারে আরও গুরুত্ব পাবে।
সংশ্লিষ্টদের আশা, দক্ষিণ উপকূলের বাস্তবতা ও জাতীয় স্বার্থ বিবেচনায় সরকার দ্রুত বরগুনায় বাংলাদেশ টেলিভিশনের একটি উপকেন্দ্র স্থাপনে কার্যকর উদ্যোগ নেবে।
দৈনিক শেষকথা Seshkatha News