বরগুনা প্রতিনিধি: সারাদেশে হামের সংক্রমণ বাড়লেও বরগুনায় আপাতত বিপরীত চিত্র দেখা গেছে। সদর উপজেলায় টিকা প্রদান কার্যক্রম শুরুর পর থেকেই আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ জন শিশু বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। জেলায় এখন পর্যন্ত হাম সন্দেহে চিকিৎসা নিয়েছে ২৪১ জন। এর মধ্যে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের হামের এবং একজনের রুবেলা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, হটস্পট বরগুনা সদর উপজেলায় প্রায় সাড়ে ১৯ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে। মোট ২৩ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম বলেন, জেনারেল হাসপাতালের সঠিক চিকিৎসা এবং ব্যাবস্থাপনায় হাসপাতালে ভর্তি ও নতুন রোগী উভয়ই দিন দিন কমেছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। সার্বক্ষণিক যেকোনো অবস্থাতেই তিনি রোগীদের সেবা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি,
অন্যদিকে সিভিল সার্জন ডা. মো. আবুল ফাত্তাহ জানান, টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে কিছুটা সংক্রমণ কমছে দিন দিন এবং দ্রুতই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News