দীর্ঘদিনের দাবি, সম্ভাবনাময় অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন—
বরিশাল প্রতিনিধি: দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে দেওয়ার বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ এখনো বাস্তবায়নের মুখ দেখেনি। বছরের পর বছর ধরে দাবি, পরিকল্পনা, প্রস্তাবনা ও আশ্বাসের মধ্যেই ঘুরপাক খাচ্ছে সেতু দুটি নির্মাণের উদ্যোগ। অথচ এই দুটি সেতু নির্মিত হলে বরগুনা, পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীসহ আশপাশের বিস্তীর্ণ জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সড়ক যোগাযোগে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি কৃষি, মৎস্য, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। কমবে যাতায়াতের সময়, পরিবহন ব্যয় ও পণ্য পরিবহনের ভোগান্তি। কিন্তু এতসব সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রকল্প দুটি কেন এখনো দৃশ্যমান বাস্তবায়ন পর্যায়ে পৌঁছায়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে বাড়ছে ক্ষোভ ও প্রশ্ন। প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা, অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্বচ্ছ ব্যাখ্যা দাবি করছেন সচেতন নাগরিকরা।
এ অবস্থায় বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণির কার্যকর ভূমিকার প্রত্যাশা করছেন উপকূলবাসী। জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ কাজে লাগিয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেতু বিভাগ ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সেতু দুটি নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের। এর আগে বরগুনার উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার উন্নয়নে উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন তিনি। সেই প্রেক্ষাপটে বিষখালী ও পায়রা নদীর ওপর সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবিটি অগ্রাধিকার পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ বলেন, “বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণ বরগুনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। সেতু দুটি নির্মিত হলে মানুষের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতে ব্যাপক পরিবর্তন আসবে। অথচ এত গুরুত্বপূর্ণ দুটি প্রকল্প এখনো বাস্তবায়িত হয়নি। আমরা চাই, আর কোনো আশ্বাস নয়, দ্রুত সেতু দুটির নির্মাণকাজ শুরু করা হোক।” জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, “বরগুনার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিষখালী ও পায়রা নদীর ওপর সেতু নির্মাণের বিকল্প নেই। আমরা জেলার উন্নয়নবিষয়ক ২৩ দফা দাবির মধ্যেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি। সেতু দুটি নির্মিত হলে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। দীর্ঘদিন ধরে প্রস্তাবনা ও আশ্বাসের মধ্যে প্রকল্প আটকে থাকা কোনোভাবেই কাম্য নয়। আমরা এ দাবিতে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন গড়ে তোলার পক্ষে।”
যোগাযোগ বিচ্ছিন্নতার অবসান ঘটাতে পারে সেতু:
বিষখালী নদীর ওপর বরগুনা-পাথরঘাটা সংযোগ সেতু নির্মিত হলে পাথরঘাটা, বামনা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান সহজ হবে। অন্যদিকে পায়রা নদীর ওপর সেতু নির্মিত হলে বরগুনা-আমতলী-পটুয়াখালী অঞ্চলের সড়ক যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বর্তমানে নদী পারাপারের জন্য ফেরির ওপর নির্ভর করতে হয় সাধারণ মানুষ ও পরিবহন চালকদের। ফেরিঘাটে দীর্ঘ অপেক্ষা, যানবাহনের সারি, পারাপারের অনিশ্চয়তা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হয় যাত্রী ও ব্যবসায়ীদের। জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য বাজারজাতকরণেও তৈরি হয় বাড়তি প্রতিবন্ধকতা। সেতু দুটি নির্মিত হলে এসব সমস্যা অনেকাংশে কমে আসবে।
বদলে যেতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনীতি:
বরগুনার অর্থনীতির অন্যতম ভিত্তি কৃষি ও মৎস্য খাত। এ জেলার মাছ, শুঁটকি, কাঁকড়া, কৃষিপণ্যসহ বিভিন্ন উৎপাদিত পণ্য দেশের বড় বড় বাজারে সরবরাহের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেতু নির্মিত হলে পণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে। এতে উৎপাদক, মৎস্যজীবী, কৃষক, পরিবহন ব্যবসায়ী এবং ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি উপকৃত হতে পারেন। একই সঙ্গে পাথরঘাটার হরিণঘাটা, টেংরাগিরি ইকোপার্ক, সোনারচর ও কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে। পর্যটকদের যাতায়াত সহজ হলে হোটেল, রেস্তোরাঁ, পরিবহন, স্থানীয় ক্ষুদ্র ব্যবসা ও পর্যটননির্ভর কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে।বিশেষ করে পায়রা সমুদ্রবন্দর ও আশপাশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বরগুনার সড়ক যোগাযোগ সম্প্রসারিত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেতু নির্মাণের পাশাপাশি নদীর নৌপথ রক্ষার দাবি:
সংশ্লিষ্টদের মতে, সেতু নির্মাণের পরিকল্পনায় শুধু সড়ক যোগাযোগকে গুরুত্ব দিলেই চলবে না; নদীর স্বাভাবিক নৌচলাচলও নিশ্চিত করতে হবে। বিষখালী ও পায়রা নদীতে বড় নৌযান চলাচলের উপযোগী পর্যাপ্ত উচ্চতা ও প্রশস্ততা রেখে সেতুর নকশা প্রণয়ন জরুরি। পাশাপাশি নদীর নাব্যতা রক্ষা, নিয়মিত ড্রেজিং, আধুনিক ফেরি ও কার্গো টার্মিনাল নির্মাণের বিষয়টিও সমন্বিত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হবে।
উপকূলবাসীর প্রত্যাশা, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেতু বিভাগের সঙ্গে কার্যকর সমন্বয় করবেন। একই সঙ্গে বরগুনার সাংবাদিক সমাজ, নাগরিক অধিকার সংরক্ষণ কমিটি, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ দলমত নির্বিশেষে এই জনদাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।
বরগুনার বিষখালী ও পায়রা নদীর ওপর দুটি সেতু নির্মাণ কেবল যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে উপকূলীয় মানুষের জীবনমান, অর্থনৈতিক সক্ষমতা, কর্মসংস্থান, বিনিয়োগ ও ভবিষ্যৎ সমৃদ্ধি। তাই দীর্ঘদিনের প্রতিশ্রুতি ও প্রস্তাবনার বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রকল্প দুটির বাস্তবায়নে সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা এবং দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার দাবি এখন বরগুনার গণমানুষের।
দৈনিক শেষকথা Seshkatha News