তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার ৪ নম্বর শারিকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নলবুনিয়া এলাকার মাটির সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদাপানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সড়কটির সংস্কার বা পাকাকরণের উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষার্থী, রোগী, কৃষকসহ এলাকার সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জরুরি রোগী পরিবহন ও কৃষিপণ্য বাজারজাত করতে চরম সমস্যায় পড়তে হয়।
দুর্ভোগ নিরসন ও দ্রুত সড়কটি সংস্কার- পাকাকরণের দাবিতে এলাকাবাসী আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার কাছে জানান। পরে সংস্থাটির প্রতিনিধিরা সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। সংস্থার প্রতিনিধিরা বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সড়কটির বেহাল দশা তারা সরেজমিনে দেখেছেন। সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত টেকসই সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দৈনিক শেষকথা Seshkatha News