বরগুনা প্রতিনিধি: বরগুনায় বিদ্যুৎ সংকট, লোডশেডিং ও গ্রাহক ভোগান্তি নিরসনে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হোটেল বে-অব বেঙ্গলে জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে সাত দফা দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বরাদ্দে সমবণ্টন, ডিমান্ড চার্জ প্রত্যাহার, ভুতুড়ে বিল বন্ধ, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার ও স্বেচ্ছাচারিতা বন্ধ এবং বরগুনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস স্থাপন।
উক্ত সভায় বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন, সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ জেড এম সালেহ ফারুক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুস শাকুর, ড. খলিলুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি দিলীপ কর্মকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বিদ্যুৎ বিভ্রাট ও ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে সৃষ্ট ভোগান্তির কথা তুলে ধরেন। একই সঙ্গে সংকট নিরসনে বিদ্যুৎ সরবরাহ বাড়ানো, সেবার মান উন্নত করা এবং গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
জেলা বিএনপির সদস্য সচিব এস এম হুমায়ুন হাসান শাহীন বলেন, বিদ্যুৎ সংকট শুধু বরগুনার নয়, এটি জাতীয় সমস্যা। তবে গতকাল থেকে বরগুনায় লোডশেডিং কিছুটা কমেছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে বরগুনার বিদ্যুৎ সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দেন তিনি। সভায় বিদ্যুৎ সংকট দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানানো হয়।
দৈনিক শেষকথা Seshkatha News