বরগুনা প্রতিনিধি: পরিবেশ আইন অমান্য করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) বরগুনায় ইটভাটা মালিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম। সভায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ও সংশ্লিষ্ট বিধিমালা মেনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় কৃষিজমির মাটি ব্যবহার না করা, নিষিদ্ধ জ্বালানি ও কাঠ ব্যবহার থেকে বিরত থাকা এবং পরিবেশ ও আইনবহির্ভূত ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর, বরগুনার সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
দৈনিক শেষকথা Seshkatha News