আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, প্রবীণ সাংবাদিক ও খলিফা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী মো. মতিয়ার রহমান আর নেই। গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বরগুনা ও আমতলীর সাংবাদিক এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সকাল সাড়ে ৯টায় মরদেহ আমতলী প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হলে সহকর্মীরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
পরে সকাল ১০টায় আমতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গুলিশাখালী ইউনিয়নের গোজখালী গ্রামের খলিফা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম বলেন, “আমরা একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল সহযোদ্ধাকে হারালাম। সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবায় তাঁর অবদান মানুষ মনে রাখবে।” তাঁর মৃত্যুতে বরগুনা ও আমতলীর বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News