বরিশাল প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় বিষখালি নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী যে কোনো মূল্যে এ সেতু নির্মাণ করা হবে।
গত রোববার (১৭ আগস্ট) দুপুরে কচুয়া-বেতাগী ফেরিঘাট এলাকায় প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুবেল সমাজকল্যাণ ও ক্রীড়া সংঘের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, “বিষখালি নদীর কচুয়া-বেতাগী ফেরি পয়েন্টে ব্রিজ নির্মাণ আমার শপথ। যে কোনো মূল্যে স্থানীয় জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বিষখালি নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করব।” তিনি উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সুন্দর সমাজ গঠন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রচেষ্টায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান সংসদ সদস্য। সমাবেশে সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার শরীফ খান, কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজামীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, বিষখালি নদীর ওপর কচুয়া-বেতাগী সেতু নির্মাণ হলে দীর্ঘদিনের ফেরিনির্ভর যোগাযোগের অবসান হবে। একই সঙ্গে দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন তারা।
দৈনিক শেষকথা Seshkatha News