তালতলী প্রতিনিধি: পটুয়াখালীতে বরগুনার তালতলী থেকে ঢাকাগামী ইমরান ট্রাভেলসের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাস ও অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় অটোরিকশার নিচ থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, নিহত তিনজনই অটোরিকশার যাত্রী। জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন। বাসের কয়েকজন যাত্রী জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। দুর্ঘটনার পর বাসের চালক ও সুপারভাইজার ঘটনাস্থল থেকে চলে গেছেন বলে জানা গেছে। পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে। বাসের ভেতরে বা পানিতে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক শেষকথা Seshkatha News