বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: দেশের তরুণ প্রজন্মের জীবনমান উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের দক্ষতাকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) রেইস প্রকল্পের উপ-প্রকল্প সমন্বয়কারী এস এম খালেদ মাহফুজ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগ্রামের প্রধান কার্যালয়ের হলরুমে Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১৬টি ট্রেডে শিক্ষানবিশ নির্বাচনের লক্ষ্যে তরুণ-তরুণীদের অংশগ্রহণে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এস এম খালেদ মাহফুজ বলেন, দেশের জন্য ও সমাজের জন্য ইতিবাচক স্বপ্ন দেখতে হবে তরুণদের। তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতা প্রয়োজন। সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধূরী মোহাম্মদ মাসুম, কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, বরগুনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন। আয়োজকরা জানান, বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষানবিশ উদ্যোক্তা নির্বাচন করা হবে। নির্বাচিতরা ছয় মাসের প্রশিক্ষণ শেষে শিক্ষাবৃত্তি, কর্মসংস্থানের সুযোগ এবং স্বল্প সুদে ঋণ সুবিধা পাবেন। এর মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার সুযোগ সৃষ্টি হবে।
দৈনিক শেষকথা Seshkatha News