অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ নৌযানের সঠিক তথ্য সংগ্রহ ও দেশের নৌযান ব্যবস্থাপনায় একটি নির্ভরযোগ্য ডাটাবেইজ তৈরির লক্ষ্যে বরগুনায় বর্ণাঢ্য নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় বরগুনা নদীবন্দর থেকে র্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা পুনরায় নদীবন্দর ঘাটে ফিরে আসেন। পরে লঞ্চযোগে খাকদোন নদী হয়ে বিষখালী নদীর মোহনা পাড়ি দিয়ে পাথরঘাটা উপজেলার বাইনচটকী ফেরিঘাটে পৌঁছান।
সেখানে নৌযান শুমারি-২০২৬ নিয়ে লিফলেট ও পোস্টার বিতরণের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পরে নৌ র্যালিটি পুনরায় বরগুনা নদীবন্দরে ফিরে আসে।র্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা মৎস্য কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বরগুনা নৌবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক ও জেলা শুমারি সমন্বয়কারী মোহাম্মদ হাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং উপজেলা পর্যায়ের শুমারি সমন্বয়কারী, জোনাল অফিসার ও গণনাকারীরা।
জানা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নৌযান শুমারি কার্যক্রমের আওতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত মূল শুমারির তথ্য সংগ্রহ করা হবে। দেশের নৌযানগুলোর হালনাগাদ তথ্য সংগ্রহের মাধ্যমে একটি সমন্বিত ডাটাবেইজ তৈরিই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। এতে দেশের নৌযানের সংখ্যা, ধরন ও সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা পাওয়া যাবে। পাশাপাশি ভবিষ্যতে নৌযান ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট পরিকল্পনা গ্রহণেও এ তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে। বরগুনাতেও প্রচার-প্রচারণার মাধ্যমে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের শুমারিতে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
জেলা শুমারি সমন্বয়কারী ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, নৌযান শুমারি ২০২৬ সফল করতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুমারিকর্মীরা নৌযান মালিক ও সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সঠিক তথ্য পাওয়া গেলে দেশের নৌযান ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও কার্যকরভাবে করা সম্ভব হবে। তিনি আরও বলেন, শুমারিকর্মীদের সঠিক ও প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করলে নৌযান শুমারি সফল হবে। এ কাজে সংশ্লিষ্ট সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দৈনিক শেষকথা Seshkatha News