বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৩২০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে আবদুল্লাহ গাজীর মালিকানাধীন মেসার্স গাজী সেন্টার নামের একটি গোডাউনে মজুত রাখা ১৯০ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।
পরে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
এ সময় সাগরমুখী মাছ ধরার ট্রলারগুলোর তেলের চাহিদা বিবেচনায় জব্দ করা ডিজেল বাজারমূল্যে বিক্রির অনুমতিও দেওয়া হয় বলে জানা গেছে।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক শেষকথা Seshkatha News