বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় বজ্রপাতে প্রাণহানি রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অক্সফামের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ADM) সজল চন্দ্র শীল। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম শাহজাদা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. হাফিজুর রহমান, সিপিপির টিম লিডার ও সাংবাদিক জাকির হোসেন মিরাজ এবং লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। সভায় শুরুতে বজ্রপাতে প্রাণহানি রোধে জাগোনারীর চলমান কার্যক্রম তুলে ধরেন সংস্থাটির পরিচালক গোলাম মোস্তফা। তিনি জানান, অক্সফামের সহযোগিতায় বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ও ফুলঝুড়ি ইউনিয়নে বজ্রপাতের ঝুঁকি কমাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সভায় জানানো হয়, বজ্রপাত থেকে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং কৃষিজমির মাঠে চারটি বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হবে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি ও করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পোস্টার ও লিফলেট বিতরণ এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান, খোলা মাঠ ও জলাশয় থেকে দূরে থাকা এবং কৃষকসহ ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ব্যক্তিদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বজ্রপাতে প্রাণহানি কমাতে সরকারি-বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
দৈনিক শেষকথা Seshkatha News