বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুরাদ খান পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। গত রোববার (১৬ আগস্ট) রাতে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে নাগরিকদের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে পৌরসভা পরিচালনা করবেন। মুরাদ খানের পরিকল্পনায় পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের ঋণ পরিশোধে উদ্যোগ নেওয়ার পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করার কথা রয়েছে। এছাড়া জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি। নিরাপদ পানি সরবরাহে আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন, মশা-মাছির বিস্তার নিয়ন্ত্রণ, যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং পার্ক ও শিশুদের বিনোদনকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও তুলে ধরেন তিনি।
সভায় সাংবাদিকরা পৌরসভার জলাবদ্ধতা, যানজট, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি, সড়ক ও ড্রেনেজসহ বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। জবাবে মুরাদ খান দল-মত নির্বিশেষে পৌরবাসীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নির্বাচনী পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম ও নাগরিক সমাজের সহযোগিতা কামনা করেন।
দৈনিক শেষকথা Seshkatha News