আমতলী (বরগুনা) প্রতিবেদক: জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে বরগুনার আমতলীর রহমানিয়া ফিলিং স্টেশনকে ফের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে এর আগেও একাধিকবার জরিমানা করা হলেও অভিযোগের পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয় ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম। অভিযানকালে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের সত্যতা পাওয়ায় ফিলিং স্টেশনের ম্যানেজার কনু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিএসটিআই কর্মকর্তা আশিকুর রহমান জ্বালানি তেলের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষার ফল সন্তোষজনক না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, একই প্রতিষ্ঠানে এর আগেও তেল কম দেওয়ার অভিযোগে ৫০ হাজার ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও একই অভিযোগে আবার জরিমানা হওয়ায় প্রশ্ন উঠেছে শুধু অর্থদণ্ডে সমস্যার সমাধান হচ্ছে কি না। সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম বলেন, অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই নমুনা সংগ্রহ করেছে। পরীক্ষার ফল সন্তোষজনক না হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বারংবার জরিমানা করার পরও বদলায়নি আমতলীর রহমানিয়া পাম্প!
- প্রকাশের সময় : Sep 14, 2026 ইং
ছবির ক্যাপশন: তেলে কম দেওয়ার অভিযোগে আমতলীর রহমানিয়া ফিলিং স্টেশনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News